ডেক্স রিপোর্ট
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নামে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্বাক্ষরবিহীন একটি চিঠিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছে কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি।
রোববার (১৬ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে এক লিখিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম সংক্রান্ত একটি বেনামী ও স্বাক্ষরবিহীন অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নাম ব্যবহার করা হলেও বাস্তবে এসব অভিযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল জেলা প্রশাসনের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন অপপ্রচার চালাচ্ছে বলে সংগঠনটির নেতারা মনে করেন। প্রকৃতপক্ষে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মচারীরা ব্যস্ত থাকায় তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অযৌক্তিক বলেও উল্লেখ করা হয়।
কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি স্পষ্টভাবে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই অভিযোগের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের কোনো কর্মচারীর সংশ্লিষ্টতা নেই। তাই এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সুলতান নাছির উদ্দিন এবং সভাপতি মো. আবু হানিফ স্বাক্ষর করেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত