
সিঙ্গাপুর থেকে হোয়াটসঅ্যাপে কথা—“লাশ দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেছি”, আবেগঘন আর্তি এমপির
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত এই এমপি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে সেই আবেগঘন কথোপকথনের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। ভিডিওতে পুরো সময়জুড়ে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায় এমপি মনিরুল হককে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “গত ১০০ বছর ধরে এমন ঘটনা ঘটছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। আমি চেষ্টা করেছি, কিন্তু কাজ সম্পন্ন করতে পারিনি।”
তিনি আরও অভিযোগ করেন, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ব্যারিকেড নির্মাণের জন্য বরাদ্দ অর্থ অতীতে অপচয় হয়েছে, যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ সময় রেলমন্ত্রী শেখ রবিউল আলম তাকে আশ্বস্ত করে বলেন, তিনি দ্রুত ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আবেগাপ্লুত এমপি আরও বলেন, “এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি। আপনি গিয়ে দেখেন, আমি দেশে ফিরে দ্রুত সেখানে যাওয়ার চেষ্টা করব।”
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন, পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও দেশের রেলক্রসিং নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার বিষয়—কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।