শান্তুু ধর কচুয়া
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মূল্য তালিকা না থাকা, পচা-বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এসব জরিমানা করা হয়।
অভিযানে ইসলামীয়া বিরিয়ানী হাউজকে ২০ হাজার টাকা, প্রধানীয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, নিউ মিতালী ফুডকে ৫ হাজার টাকা, বন্ধু মেডিসিনকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় রাজ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানগুলোর মালিকরা।
অভিযানকালে পচা-বাসি খাবার, ক্ষতিকর রং ও রাসায়নিক ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় কচুয়া উপজেলার স্যানিটারি কর্মকর্তা মো. আহসান উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত