মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারে নিত্যদিনের যানজট নিরসন ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগে পাঁচটি দোকানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।
নবগঠিত রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বিসমিল্লাহ হোটেলকে ৩০ হাজার টাকা, রয়েল নেস্ট রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, রুহুল আমিনের মুদি দোকানকে ৫ হাজার টাকা, লক্ষ্মীপুর ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা এবং রাসেল ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম (আকাশ), নবগঠিত রহিমানগর বাজার কমিটির আহ্বায়ক মো. মিলন গাজী, সদস্য সচিব ডা. আব্দুল কাদের, যুগ্ম সদস্য সচিব এম. আর. মিজান মোল্লা, সদস্য মো. ফয়েজ আহমেদ, মো. বেলায়েত হোসেন ভূঁইয়া, বাবু সঞ্জিত চন্দ্র সরকারসহ কমিটির অন্যান্য সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মনজুর আহমেদ সেলিম, সাবেক তুখোর ছাত্রনেতা আনোয়ার হোসেন আনুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অভিযান শেষে এক সাক্ষাৎকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, “রহিমানগর বাজার কচুয়া উপজেলার একটি ব্যস্ততম বাজার। এখানে যত্রতত্র সিএনজিচালিত অটোরিকশা পার্কিং এবং অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে রহিমানগর বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা কমবে এবং পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত