মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে যানজট নিরসন ও সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে নবগঠিত বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। একই সঙ্গে বাজারের ভেতরের সড়ক ও গলিতে যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই-তিন দিনে রহিমানগর বাজারের উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত প্রধান সড়কে যানজট অনেকটা কমেছে। এ অবস্থা অব্যাহত রাখতে নবগঠিত বাজার কমিটির প্রতি আহ্বান জানান তারা।
এদিকে অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকানপাট সরিয়ে নিতে গত দুই দিন ধরে বাজার কমিটির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে জানানো হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এ সময়ের মধ্যে ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা সরানো না হলে অভিযানে উচ্ছেদ করা হতে পারে বলেও জানানো হয়েছে।
বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু প্রধান সড়ক নয়, বাজারের ভেতরের গলিগুলোতেও যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে ভ্যানগাড়িতে করে মাছ ও শাকসবজি বিক্রির কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা আরও বলেন, বাজারের নির্ধারিত স্থান ছেড়ে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ছে। তাই ভ্যানগাড়ি সরিয়ে নির্ধারিত স্থানে পণ্য বিক্রির ব্যবস্থা করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাতের দোকানপাট সুশৃঙ্খলভাবে পরিচালনার দাবি জানান তারা।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত