টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়ে একসঙ্গে জাতীয় সংসদে যাচ্ছেন দুই ভাই—আবদুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক টুকু জয়লাভ করেছেন।
বড়ভাই আবদুস সালাম পিন্টু পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। ১৩৯টি কেন্দ্রে এ আসনে ভোটগ্রহণের হার ছিল ৬৪.৫৬ শতাংশ এবং বাতিল হয়েছে ৫ হাজার ৫৫৫টি ভোট।
অন্যদিকে ছোটভাই সুলতান সালাউদ্দিন টুকু বেসরকারি ফলাফলে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী, টাঙ্গাইল-৫ আসনে মোট ৪ লাখ ৬২ হাজার ৪১২ ভোটারের মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ৮০টি। বাতিল হয়েছে ৪ হাজার ৪০১ ভোট। এ আসনে মোট ভোটগ্রহণের হার ছিল ৬৩.২৫ শতাংশ।
উল্লেখ্য, আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রী এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দীর্ঘ ১৭ বছর কারাভোগ করেন এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম টাঙ্গাইল-৫ আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেলেন। কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক।