
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর প্রেসিডেন্ট ঝু জিয়াই (Zou Jiayi)-এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এআইআইবি প্রেসিডেন্ট ঝু জিয়াই তিন সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। চলতি বছরের ১৬ জানুয়ারি তিনি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বৈঠক বাংলাদেশের অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।