অনলাইন ডেক্স
খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণার অপচেষ্টা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)।
রোববার (০১ মার্চ) আগারগাঁওয়ের শেরে বাংলানগরে অবস্থিত ইফার জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানী প্রদানের প্রলোভন দেখিয়ে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছে। প্রতারকরা সম্মানী পাওয়ার কথা বলে বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে অর্থ প্রেরণ অথবা ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসব মসজিদে কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের বিষয়ে ওই কমিটিকে সহযোগিতা করছে।
এ সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ ধরনের তথ্য সংগ্রহ কোনো ভাতা বা সম্মানী প্রদানের নিশ্চয়তা বহন করে না বলেও স্পষ্ট করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সর্বসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকার এবং প্রতারকচক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত