মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি :-
নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জড়িয়ে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ২৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা মন্তব্য দেখা যায়। তবে ভিডিওটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন ইউএনও মো. আলাউদ্দিন। তার অভিযোগ, শত্রুতাবশত কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সোমবার সকালে ইউএনও কর্মস্থলে এলেও কিছু সময় পর তড়িঘড়ি করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তিনি কারো ফোন রিসিভ করছেন না বলে জানা গেছে।
ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত ভিডিওতে থাকা নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনও ছড়িয়েছে। কেউ কেউ ধারণা করছেন, ইউএনও হানিট্রাপের শিকার হতে পারেন।
এ বিষয়ে জানতে ইউএনও মো. আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে তিনি এক গণমাধ্যমকর্মীকে জানিয়েছেন, পূর্বের কর্মস্থলের কিছু বিরোধের জেরে কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ভিডিও তৈরি করেছে। বিষয়টি প্রতিহত করতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছেন।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা প্রয়োজন। তিনি আরও জানান, ইউএনও সোমবার সকালে তার দপ্তরে ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত